প্রতিবন্ধিতা খাতে (ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক) মোট বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতের ২.০৭% যা মোট বাজেটের ০.৩৭%। এ বরাদ্দ প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। করোনায় কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানে বাজেটে স্পষ্ট করে কিছু বলা হয়নি, মাসিক ৭৫০ টাকা ভাতা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খুবই কম। প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট বরাদ্দের ক্ষেত্রে কোভিড-১৯-এর কোনো প্রতিফলন এ বাজেটে পরিলক্ষিত হয়নি। দেশে অধিকাংশ প্রতিবন্ধী শিশু স্কুলে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হলেও গত বছরের ন্যায় এ বছরও উপকারভোগীর সংখ্যা ও বাজেট পূর্বের মতো রাখা হয়েছে। এ বছরের বাজেট একটি গতানুগতিক বাজেট। প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে নতুন কোনো প্রকল্প গৃহীত হয়নি, প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট বরাদ্দ সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক, অথচ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারণায় মন্ত্রণালয় ভিত্তিক বাজেট বরাদ্দ প্রয়োজন ছিল। প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ বাজেটে প্রতিফলিতহয়নি। গত রবিবার জাতীয় বাজেট ২০২১-২২: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান শীর্ষক ভার্চুয়াল বাজেট পরবর্তী প্রতিক্রিয়া সভায় বক্তারা এ কথা বলেন। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে সভায় ডিজএবিলিটি এলায়েন্স অন এসডিজিএস বাংলাদেশ-এর পক্ষে খন্দকার জহুরুল আলম স্বাগত বক্তব্য দেন। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা সভা সঞ্চালনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি
