বিদ্যুত্ বিল পরিশোধে সারচার্জ ব্যতিত ছয় মাসের কিস্তি সুবিধা দাবি করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। সম্প্রতি সংগঠনের নেতারা বিদ্যুত্ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মার্চ থেকে মে এই তিন মাসের বিদ্যুত্ বিল জুন পরবর্তী সময়ে সারচার্জ ব্যতিরেকে ছয কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ চান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে হিমাগার মালিকরা আর্থিক সংকটে রয়েছে। ২০২১ মৌসুমে বাংলাদেশে প্রায় ১ কোটি ৯ লাখ মেট্রিক টন অর্থাত্ আলুর বাম্পার ফলন হয়েছে। দেশের প্রায় ৪০০ কৃষিভিত্তিক হিমাগারে ৫৫ লাখ টন খাবার আলু, বীজআলু, শিল্পে ব্যবহূত আলু ও রপ্তানিযোগ্য আলু সংরক্ষণ করা হয়েছে। অধিক ফলনের কারণে কৃষকের গোলাজাত আলু এখনো অবিক্রিত থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে না। বর্তমানে মণপ্রতি আলু ২০০ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সংরক্ষণকারী কৃষক ও ব্যবসায়ীরা আলু বের না করায় হিমাগার মালিকরা আর্থিক সংকটে পড়েছেন। এই কারণে বিদ্যুত্ বিল পরিশোধে মালিকরা অপারগ।—প্রেস বিজ্ঞপ্তি।
