সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪৩

বরিশাল অফিস

দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত অবদুল্লাহর সহধর্মিণী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগ গতকাল সোমবার সকাল ৬টায় শহিদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দ বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার কবরে পুষ্প অর্পণ ও কবর জেয়ারত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার সহধর্মিণী মহানগর আওয়ামী লীগ সদস্য লিপি আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের পক্ষে সাহান আরা বেগমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। এ সময় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কালো ব্যাচ ধারণ, বুধবার পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত ও সোমবার ৩০টি ওয়ার্ডে দিনব্যাপী কোরআন খতম এবং সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া বুধবার জোহর বাদ দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় স্মরণসভা, কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন খতম শেষে বাদ আছর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া মরহুমার রুহের মাগফিরাত কামনায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৭১টি মসজিদে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের তত্ত্বাবধানে ও তাদের উপস্থিতিতে বাদ জোহর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনাসভা ।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় দোয়া ও মিলাদ পূর্ব স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।