দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন ভোলা স্টেশন রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ তিন ডাকাতকে দেশীয় পিস্তল, রামদা ও করাতসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লে. এস এম তাহসিন রহমানের নেতৃত্বে ভোলার দৌলতখান থানাধীন মদনপুরের চর এলাকায় অবস্থানরত কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি করে। কোস্ট গার্ড পালটা গুলি চালায়। পরে ডাকাতের আস্তানা হতে ডাকাত দলের প্রধান জাহাঙ্গীর (৪৫), সহযোগী রহিম (৪৭) ও নুর আলমকে (৩৯) তিনটি দেশীয় পিস্তল, দুইটি দা ও দুইটি করাতসহ আটক করা হয়। পরবর্তী সময়ে ডাকাত সদস্যদের ও দেশীয় অস্ত্র ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।