স্পোর্টস রিপোর্টার
ক্রীড়া অন্তঃপ্রাণ মানুষ প্রয়াত সংগঠক মনসুর আলী স্মরণে কোরানখানি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামসংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে স্মরণ সভায় দেশের ক্রীড়াঙ্গনের মানুষ হাজির হয়েছিলেন। মনসুর আলীকে বাঁচিয়ে রাখার আলোচনা হয়েছে। মনসুরকে রাষ্ট্রিয় স্বীকৃতি দেওয়া, তার প্রতিষ্ঠিত ক্লাব মনসুর স্পোর্টিং ক্লাবটাকে বাঁচিয়ে রাখার আলোচনা হয়। প্রয়োজনে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলবেন আলোচকরা। ক্রীড়ালেখক সমিতির পুরস্কারপ্রাপ্ত সংগঠক মনসুর আলী গত ১১ মে আকস্মিক মৃত্যুবরণ করেন। মনসুরের কর্মের কথাগুলো নিয়ে ক্রীড়াঙ্গনের মানুষগুলো স্মৃতি চারণ করেছেন। নিঃস্বার্থবান একজন ক্রীড়া সংগঠক ছিলেন মনসুর। খেলা চালাতে গিয়ে কত কষ্ট করতে হয় সেটা করেছেন। খেলা শেষে সেই খবরটা প্রকাশ করার জন্য প্রেসরিলিজ হাতে পত্রিকা অফিগুলোতে ছুটতেন। কোনো দল চ্যাম্পিয়ন হলে অভিনন্দন জানাতেন। কেউ মারা গেলে তার জন্য শোক সংবাদ নিয়ে সাংবাদিকদের টেবিলে হাজির হতেন। গতকাল সেই মানুষটির শোকের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের মানুষজন। হারুনুর রশিদ, মোজাফফর হোসেন পল্টু, শওকত আলী খান জাহাঙ্গীর, আব্দুল গাফফার, শরিফুল আলম, দিলু খন্দকার, হাসানুজ্জামান বাবলু, মহিউদ্দিন আহমেদ মহি, আবু হাসান চৌধুরী প্রিন্স, তরফদার রুহুল আমি, নাসির উদ্দিন চৌধুরীসহ অনেকেই। সবাইকে এক মঞ্চে আনার কাজটি করেছেন মনসুরের কাছের মানুষদের অন্যতম কামাল বাবু, আব্দুল মজিদ কাজল, হুমায়ুন কবীর, ইস্কান্দার মির্জা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন সাংবাদিক রেজওয়ান উজ জামান।
