হেফাজতের নতুন কমিটি ঘোষণা

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৫৫

বিলুপ্তির প্রায় দেড় মাস পর নতুন কমিটি ঘোষণা করেছে সমালোচিত কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। ৩৩ সদস্যের এই কমিটির আমির করা হয়েছে শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী ও মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে। তারা আগের কমিটিরও আমির-মহাসচিব ছিলেন। আহ্বায়ক কমিটিও ছিল তাদের নেতৃত্বে। তবে মূল দুই পদে পরিবর্তন না এলেও ব্যাপক পরিবর্তন এসেছে নতুন কমিটিতে। বাদ পড়েছেন কারাবন্দি ও রাজনীতিক হিসেবে পরিচিত নেতারা। হেফাজতের মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে ইউসুফ মাদানীকে রাখা হয়েছে   কমিটিতে। তাকে সহকারী মহাসচিবের পদ দেওয়া হয়েছে। তবে তিনি এই পদে থাকবেন কি না, তা নিয়ে তার সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। আল্লামা শফির ছোট ছেলে বিতর্কিত আনাস মাদানীকে কমিটিতে রাখা হয়নি।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁও চৌরাস্তা এলাকার মাখজানুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন না আমির মাওলানা জুনাইদ বাবুনগরী। তিনি অসুস্থ থাকায় চট্টগ্রাম থেকে আসতে পারেননি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। হেফাজতে ইসলামের ৩৩ সদস্যের কমিটিতে আমির ও মহাসচিব ছাড়া ৯ জনকে নায়েবে আমির, পাঁচ জনকে যুগ্ম-মহাসচিব, এক জন সহকারী মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, সহ-অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক, দাওয়াবিষয়ক সম্পাদক, সহকারী দাওয়াবিষয়ক সম্পাদক এবং আট জনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া আগের কমিটিতে ছিলেন কিন্তু এবার স্থান পাননি এমন উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আহমদ আবদুল কাদের, শাহিনুর পাশা চৌধুরী, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মুফতি হারুন ইজহার, মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী। একইভাবে আল্লামা আহমদ শফী হত্যা মামলার অভিযুক্ত নেতাদেরও বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে। এ ছাড়া সদ্য বিলুপ্ত কমিটিতে আধিপত্য বিস্তারকারী ‘রাবেতা’ ও ‘জমিয়ত’ কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটিতে অপেক্ষাকৃত নিরপেক্ষ, অরাজনৈতিক ও কিছুটা ক্লিন ইমেজের লোকদের রাখার চেষ্টা করা হয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে নতুন কমিটির নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, অর্থ সম্পাদক মুফতি মুহাম্মদ আলী, প্রচার সম্পাদক মুহিউদ্দিন রব্বানী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে হেফাজতের গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি করা হয়।