নানা অভিযোগে ৪৯ মামলার বাদীর অস্তিত্ব নেই

আপডেট : ০৭ জুন ২০২১, ২১:৫৭

ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতিসহ নানা অভিযোগে মামলা হয়েছে ৪৯টি। এসব মামলায় প্রায় চার বছর জেল খেটেছেন। কিন্তু কোনো মামলার বাদীর অস্তিত্ব পাননি ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চন। এখন তিনি কোনো উপায় না পেয়ে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট দায়ের করেছেন। রিটে বাদীর অস্তিত্ব বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

রিটকারী একরামুল আহসান কাঞ্চন সাংবাদিকদের বলেন, হত্যা, ধর্ষণ, চুরি-ছিনতাই-চাঁদাবাজি ও মানব পাচারের মতো ভয়ংকর অপরাধের অভিযোগে আমার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। কিন্তু এখন পর্যন্ত এসব মামলার বাদীর অস্তিত্ব খুঁজে পাইনি। অনেক মামলায় বাদী আদালতে হাজির না হওয়ায় আমাকে খালাস দেওয়া হয়েছে।

রিটকারীর আইনজীবী এমদাদুল হক বসির বলেন, একের পর এক মামলা করে রিটকারীকে হয়রানি করা হচ্ছে। এভাবে গায়েবি মামলা করায় তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সেজন্য আইনগত প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, র্যাব মহাপরিচালকসহ ৫০ জনকে বিবাদী করা হয়েছে।