আগামী সোমবার থেকে সু চির বিচার শুরু

আপডেট : ০৭ জুন ২০২১, ২২:০৯

মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিচার আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হবে। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। ১৪ জুন থেকে শুরু হয়ে ২৬ জুলাই বিচার কাজ শেষ হবে। খবর আলজাজিরার

গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর নোবেল জয়ী সুচির বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়েছে। সু চির আইনজীবী মিন মিন সো গতকাল সোমবার বলেন, ১৪ জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনবো। মিন মিন বলেন, তিনি (সু চি) সবার সুস্থতা কামনা করেছেন। জান্তা সরকারের হাতে গৃহবন্দি হওয়ার পর থেকে সু চির আইনজীবী মাত্র দু’বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এসময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে   আইনজীবীকে বেশ বেগ পেতে হয়েছে। সামরিক সরকার ইতোমধ্যে সু চির দল এনএলডি বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশন অভিযোগ করেছে, ২০২০ সালের নির্বাচনে এনএলডি জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে।