করোনা নিয়ে আতঙ্ক নয় জনগণকে আশ্বস্ত করুন -------স্বাস্থ্য মহাপরিচালক

আপডেট : ০৭ জুন ২০২১, ২২:১৩

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, করোনা নিয়ে আপনারা (সাংবাদিক) আতঙ্ক নয়, মানুষকে আশ্বস্ত করুন। তাহলে জনগণ তা শুনবে ও যৌক্তিক মনে করবে। তিনি গতকাল সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত জনসচেতনতামূলক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মীর মোবারক হোসাইন ও ব্র্যাকের সিনিয়র এরিয়া সুপারভাইজার (টিবি) মোহাম্মদ জাফরুল আলম। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সিভিল সার্জনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে নগরীর পদুয়ার বাজার এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, মিডিয়ায় এর ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একটা আতঙ্কও তৈরি হচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্ট এসেছে এটা সত্যি তবে আতঙ্ক নয়, এর প্রকোপ যেন না বেড়ে যায়—সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা সবকিছুরই সীমাবদ্ধতা রয়েছে। হঠাত্ বেড়ে গেলে আমরা অসহায় হয়ে পড়ব। রাশিয়ার টিকা প্রসঙ্গে তিনি বলেন, টিকা ক্রয়ের জন্য রাশিয়াতে প্রস্তাব প্রেরণ করেছি এবং তারা যদি চায় যৌথভাবে এটা আমরা তৈরিও করতে পারি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি, তবে এখনোও কোনো উত্তর পাইনি।