বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস পিন্সিপাল এস এম আক্তারুজ্জামান। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস পিন্সিপাল থেকে বরিশাল রেঞ্জে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। এর আগে ২০১৫ সালের মার্চ থেকে টানা আড়াই বছর বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম আক্তারুজ্জামান। গত ২৩ মে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেয় সরকার। গত ২৫ মে তার পদোন্নতিজনিত বদলির কারণে বরিশাল রেঞ্জ ডিআইজি পদটি শূন্য হয়। সেই পদে নিয়োগ পেলেন এস এম আক্তারুজ্জামান।
