বিশ্ব নিরাপদ খাদ্য দিবসে ট্রান্সফ্যাটমুক্ত খাদ্য নিশ্চিতের দাবি

আপডেট : ০৮ জুন ২০২১, ০০:১৯

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে খাদ্যে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ বিষয়ক প্রবিধানমালা চূড়ান্তকরণ ও বাস্তবায়নের দাবি জানিয়েছে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

গতকাল সোমবার বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— ‘সেফ ফুড নাউ ফর এ হেলদি টুমরো’। নিরাপদ খাদ্য উত্পাদন ও গ্রহণ, স্বল্প এবং দীর্ঘ মেয়াদে জনগণ, অর্থনীতি তথা গোটা পৃথিবীর জন্য সুফল বয়ে আনে।

বিবৃতিতে বলা হয়, শিল্পোত্পাদিত ট্রান্সফ্যাট খাদ্যের একটি বিষাক্ত উপাদান যা হূদেরাগজনিত অকাল মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ৫ লাখ মানুষ ট্রান্সফ্যাটঘটিত হূদেরাগে মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ‘খাদ্যদ্রব্যে ট্রান্সফ্যাট অ্যাসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা-২০২১’ তৈরি করলেও সেটি চূড়ান্ত করার কাজ এখনো চলমান রয়েছে।

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। খাদ্যে ট্রান্সফ্যাট নির্মূলের মাধ্যমে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব। যা একই সঙ্গে সরকারের জন্য একটি ব্যয়সাশ্রয়ী পদক্ষেপ। দ্রুততম সময়ের মধ্যে খাদ্য শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূল করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।