মিরপুরে স্বামীর বাড়ির সামনে সাবেক সংবাদ পাঠিকা দগ্ধ

আপডেট : ০৮ জুন ২০২১, ০০:১৯

রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনে মাহমুদা শিহাবুন মুবিন মৌ (৩২) নামের এক গৃহবধূ তার স্বামীর বাড়ির সামনে আগুনে দগ্ধ হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে মিরপুর-৬ নম্বর সেকশনের একটি গলিতে মৌকে দগ্ধ অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। মিরপুর-৬ নম্বর সেকশনে বসবাসরত মৌর স্বামী ইরফান হাইয়ুম তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল­াস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, ঐ নারীর শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

মৌর খালা হালিমা আক্তার বলেন, ‘মৌ একটি বেসরকারি টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে চাকরি করতেন। বছর দুয়েক আগে চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে মিরপুর-৬ নম্বর সেকশনে অনলাইন প্ল্য­াটফরমে ব্যবসা করেন। ৮-১০ বছর আগে তার বিয়ে হয়েছিল। ঐ চ্যানেলের ক্যামেরাম্যান ইরফান হাইয়ুমের সঙ্গে মৌর সম্পর্ক হয়। একপর্যায়ে আগের স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়। পরে হাইয়ুম মৌকে বিয়ে করেছেন কি না, তা জানা নেই। হাইয়ুম আগে আরো দুটি বিয়ে করেছেন। বর্তমানে হাইয়ুম ২য় স্ত্রী নিয়ে মিরপুর-৬ নম্বর সেকশনে থাকেন। রবিবার রাতে হাসপাতালে এসে মৌকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। এর আগে হাইয়ুমই তাকে হাসপাতালে নিয়ে আসেন।’ হালিমা আক্তার জানান, ঈদের পর মৌ পূর্ব কাজীপাড়ায় তার বাবার বাসা থেকে চলে যান। এরপর এত দিন কোথায় ছিলেন, তাদের জানা নেই। তবে মাঝে একবার হাইয়ুমের ২য় স্ত্রী তাদের ফোন দিয়ে মৌকে ঐ বাসা থেকে নিয়ে আসতে বলেন।

মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান দগ্ধ মৌর বরাত দিয়ে জানান, দুই বছর আগে হাইয়ুমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর হাইয়ুম তাকে বাসায় তুলতে চাচ্ছিলেন না। এ নিয়ে রবিবার রাত ৮টায় মিরপুর-৬ নম্বর সেকশনে হাইয়ুমের বাসার সামনের রাস্তায় নিজের গায়ে নিজেই আগুন দেন মৌ। পরে হাইয়ুম তাকে হাসপাতালে নিয়ে যান। তবে মেয়ের পরিবার আমাদের কাছে অভিযোগ দিয়েছে যে, তাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে হাসপাতাল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মৌর বাবা-মা থানায় এসে জানায় যে, তাদের কোনো অভিযোগ নেই। হাইয়ুমকে মৌর বাবা-মা মুচলেকা দিয়ে নিয়ে যায়।