পুনেতে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ আগুনে ১৮ জনের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২১, ০০:২৩

ভারতের পুনেতে স্যানিটাইজার কারখানায় গতকাল সোমবার বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। কারখানার ভেতরে কয়েক জন শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ ও দমকলকর্মীদের আশঙ্কা। উদ্ধারকাজ চলাকালে পুনের পুলিশ সুপার অভিনব দেশমুখ বলেছেন, আমরা ১৮টি দেহ উদ্ধার করেছি। গতকাল বিকালের দিকে এসভিএস অ্যাকুয়া টেকনোলজি নামের ওই স্যানিটাইজার কারখানাটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সেসময় কারখানায় ৩৭ কর্মী কাজ করছিলেন। পুলিশ সুপার জানান, পুনে শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরের ঐ কারখানায় পানি পরিশোধনের জন্য ক্লোরিন ডাইঅক্সাইড উত্পাদন করা হতো। গত জানুয়ারিতে পুনের মঞ্জরী এলাকায় করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা ‘সিরাম ইনস্টিটউট অব ইন্ডিয়া’র কারখানার একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। ওই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। —এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা