ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়া সেই শিশুর মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২১, ০০:২৪

গত অক্টোবরে পরিবারের সঙ্গে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাচ্ছিল ১৫ মাস বয়সী শিশু আর্টিন। ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে আর্টিনের পরিবারের চার সদস্য মারা যান। কিন্তু খোঁজ পাওয়া যায়নি শিশু আর্টিনের। দীর্ঘ ৯ মাস পর এসে নরওয়ের পুলিশ জানিয়েছে, তারা আর্টিনের মৃতদেহ খুঁজে পেয়েছে। খবর বিবিসির

নরওয়ের পুলিশ গতকাল সোমবার জানিয়েছে, নতুন বছরের প্রথম দিন দক্ষিণ-পশ্চিম কারময় উপকূলে আর্টিনের মৃতদেহ পাওয়া গেছে। দুইজন পুলিশ কর্মকর্তা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। তবে এতদিন তার পরিচয় মিলছিল না। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর্টিনের পরিবারের বসবাস ছিল ইরাক সীমান্ত সংলগ্ন ইরানের পশ্চিমাঞ্চল শারদাস্ত শহরে। গত আগস্টে পরিবারটি ইউরোপের উদ্দেশে যাত্রা করে। তুরস্ক হয়ে প্রথমে তারা ইতালিতে এবং অক্টোবর নাগাদ ফ্রান্সে যান। এরপর তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাড়ি দেন। ২৭ অক্টোবর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ডুবে যায় তাদের বহনকারী নৌকা। নরওয়ে পুলিশের তদন্ত প্রধান ক্যামিলা তেলে ওয়েগে বলেন, শিশু নিখোঁজ হওয়ার কোনো ঘটনা নরওয়েতে নথিভুক্ত হয়নি। এমনকি গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর কোনো পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। শিশুটির চেহারাও নরওয়ের মানুষের সঙ্গে মিলছিল না। এসব বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছিল, শিশুটি নরওয়ের বাসিন্দা নয়। এখন তার পরিচয় পাওয়া গেছে। তিনি জানান, ইরানে স্বজনদের কাছে পাঠানো হবে এবং সেখানেই দাফন করা হবে।