মস্তিষ্কের স্মৃতিভ্রমের রোগ আলঝেইমারের চিকিত্সায় অ্যাডুকেনুম্যাব নামের একটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। গত দুই দশকের মধ্যে এই রোগের প্রথম ওষুধ হিসেবে অ্যাডুকেনুম্যাবের অনুমোদন দিল দেশটি। অনুমোদন দেওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল। তবে এ নিয়ে বিতর্কও আছে। কেননা, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ প্রশাসনের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গত বছরের নভেম্বরে এক পর্যালোচনায় এর কার্যকারিতার পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি। উপসর্গের চেয়ে আলঝেইমারের সবচেয়ে সাধারণ ধরন স্মৃতিভ্রমের অন্তর্নিহিত কারণকে টার্গেট করে অ্যাডুকেনুম্যাব। যুক্তরাষ্ট্রের নতুন এই ওষুধটির অনুমোদনের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মেডিক্যাল দাতব্য সংস্থাগুলো। যুক্তরাজ্যে এই রোগটির মৃদু উপসর্গের রোগী আছেন প্রায় ১০ হাজার। ওষুধটি ব্রিটেনে অনুমোদন পেলে আলঝেইমারের চিকিত্সায় ভূমিকা রাখতে পারে। -বিবিসি
