বিনোদন রিপোর্ট
বিটিভির প্রিভিউ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেলেন ষাটের দর্শকের সাড়া জাগানো অভিনেত্রী সুজাতা। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ৬ জুন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব রুজিনা ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিটিভির চলচ্চিত্র প্রিভিউ কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে অভিনেত্রী সুজাতা আজিমের নাম। জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এমন চলচ্চিত্রগুলোর জন্য প্রিভিউ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন সুজাতা।
নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে সুজাতা বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এ কমিটিতে রাখার জন্য। তারা আমার ওপর যে আস্থায় দায়িত্ব দিয়েছেন, চেষ্টা করবো সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে।’
বিটিভির মহাপরিচালককে সভাপতি ও বিটিভির ঊর্ধ্বতন চলচ্চিত্র সম্পাদক মো. হুমায়ূন কবির ভূঁইয়াকে সদস্য সচিব করে ১২ সদস্যের এ তালিকায় আরো রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব, চলচ্চিত্র পরিচালক ও কাহিনিকার আবদুস সামাদ খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম সিকদার জয়, শেখ মুন্নি আক্তার, শেখ আওলাদ হোসেন রুহুল, মো. গািয়সউদ্দিন খান, উপস্থাপিকা ও নাট্যশিল্পী তাহেরা ফেরদৌস জেনিফার, প্রডিউসার অ্যান্ড আর্ট ডিরেক্টর তাহমিনা তাবাসসুম রুপা।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন সুজাতা। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন একুশে পদক, চলচ্চিত্রে আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার।
