স্পোর্টস রিপোর্টার
আগামী ১৩ জুলাই ব্রাজিলে কোপা আমেরিকা ফুটবল শুরু হবে কি না তা নিয়ে আশঙ্কা এখনো শেষ হয়নি। এরই মধ্যে আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে তারা কোপায় খেলতে রাজি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আয়োজক ব্রাজিলে যদি কোপা আমেরিকা হয় তাহলে ব্রাজিল দলের অনেকেই খেলবেন কি না সেটা নিয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। ব্রাজিলের খেলোয়াড় এবং ফেডারেশনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। খেলোয়াড়দের কথা হচ্ছে করোনার অতিমারির কারণে এই আয়োজন ঠিক হবে না। ব্রাজিলে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। অধিকাংশ মানুষই কোপা আমেরিকা আয়োজন করার বিরুদ্ধে। বিদ্রোহ ঘোষণা করে ব্রাজিল অধিনায়ক কাসেমিরো বলেছিলেন, ‘প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের পরে আমরা নিজেদের মতামত আরো স্পষ্ট করে জানাতে চাই। একা আমি নই, কোচ তিতেসহ সবাই ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের বিরুদ্ধে। আজ ব্রাজিলের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। এ ম্যাচের পর ফুটবলাররা জানিয়ে দেবেন তারা কোপা আমেরিকায় আদৌ খেলবেন কি না। বিরোধিতা করে কোচ তিতে জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেন এমন কথা ব্রাজিলের সংবাদ মাধ্যমে ঘুরছে। আজ সকালে মেসির আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
