মোহামেডানের টানা দ্বিতীয় হার

আপডেট : ০৮ জুন ২০২১, ২০:৪৪

প্রিমিয়ার লিগ

মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে জিতল আবাহনী

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এক ম্যাচ পরই জয়ের ধারায় ফিরেছে আবাহনী। খেলাঘরের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে আবাহনী। লিগের পঞ্চম রাউন্ড শেষে চারটি জয়ে আবাহনীর সংগ্রহ ৮ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জয়ের দিনে মোহামেডান হেরে গেছে। টানা দ্বিতীয় ম্যাচ হারল সাকিব আল হাসানের দল। গতকাল বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর ২২ রানে হারিয়েছে মোহামেডানকে। ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে এখন দোলেশ্বর।

গতকাল প্রথম জয়ের দেখা পেয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। অপর তিন ম্যাচে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

মিরপুর স্টেডিয়ামে সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৫০ রান করেছিল গাজী। ওপেনিংয়ে সৌম্য-মেহেদী হাসানের ৭৮ রানের জুটির পরও দলটির রানটা বড় হয়নি বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সৌম্য ৬৭, মেহেদী হাসান ৪৩ রান করেন। জবাবে ৪৮ রানে ৩ উইকেট হারালেও অভিজ্ঞ মুশফিক-মোসাদ্দেক দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তারা অবিচ্ছিন্ন থেকে ১০৫ রানের জুটি গড়েন। ১৮ ওভারেই ৩ উইকেটে ১৫৩ রান করে আবাহনী। অধিনায়ক মুশফিক ৩৫ বলে অপরাজিত ৫৩, মোসাদ্দেক ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। মুশফিক ম্যাচ সেরা হন।

বিকেএসপিতে বৃষ্টির বাধায় পড়ে মোহামেডান-দোলেশ্বর ম্যাচটা হয়ে গিয়েছিল ৬ ওভারের। আগে ব্যাট করে ৪ উইকেটে ৭৮ রান তোলে দোলেশ্বর। ওপেনার ইমরানুজ্জামান ১৪ বলে ৪১, শামীম পাটোয়ারি ১৬ বলে ২৯ রান করেন। পরে তিন বলে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান। ৪ উইকেটে ৫৬ রানের বেশি তুলতে পারেনি দলটি। অধিনায়ক সাকিব ২২, নাদিফ চৌধুরী ১৬ রান করেন। দোলেশ্বরের ইমরানুজ্জামান ম্যাচ সেরা হন।

সকালে বৃষ্টির বাধার পর ১২ ওভারের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ ১৪ রানে জিতেছে শাইনপুকুরের বিপক্ষে। বিকেএসপিতে বৃষ্টির কারণে ওল্ড ডিওএইচএস-খেলাঘরের ম্যাচটা হয়ে গিয়েছিল ১৩ ওভারের। ম্যাচে ওল্ড ডিওএইচএস ১৭ রানে পরাজিত করেছে খেলাঘরকে। প্রাইম ব্যাংক ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। পারটেক্সের বিরুদ্ধে ৩৩ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স। লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে কোনো জয় পায়নি প্রথম বিভাগ থেকে উঠে আসা পারটেক্স। বাকি সব ক্লাব অন্তত জয়ের খাতা খুলতে পেরেছে।