পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে না ইরান

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৩

আন্তর্জাতিক আণবিক শক্তি

সংস্থার প্রধানের অভিযোগ

ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে না বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো এ অভিযোগ করে বলেন, বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। খবর আনাদোলু নিউজ এজেন্সির

রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছে তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত যেসব তথ্য জানতে চাওয়া হচ্ছে সে ব্যাপারে তারা ইতিবাচক সাড়া দিচ্ছে না। এতে করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কি না সেটি নিশ্চিতে আইএইএ-এর প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিয়েনায় আইএইএ-এর বোর্ড অব গভর্নস-এর বৈঠকে দেওয়া ভাষণে রাফায়েল মারিয়ানো বলেন, ইরানের কাছ থেকে সঠিক তথ্য-উপাত্ত পাওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তিনি বলেন, ইরানের চারটি অঘোষিত স্থানে পরমাণু স্থাপনা রয়েছে যেখানে আইএইএ-কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এগুলোর মধ্যে তিনটির ব্যাপারে তারা নতুন কোনো তথ্য সরবরাহ করছে না। চতুর্থটির ব্যাপারে তারা কোনো প্রামাণ্য দলিল ছাড়াই লিখিত বিবৃতি দিয়েছে। এদিকে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের বিষয়ে আইএইএ সম্প্রতি যে অগঠনমূলক অবস্থান নিয়েছে তা এই সংস্থা এবং ইরানের মধ্যকার যোগাযোগকে অচলাবস্থার মধ্যে ফেলে দিতে পারে।