কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
উত্পাদিত ফসল বিক্রি করতে না পেরে চরম বিপাকে পড়েছেন কিশোরগঞ্জ উপজেলার সূর্যমুখী চাষিরা। তারা জানান, কৃষি অফিসের পরামর্শে চলতি বছর উপজেলায় প্রথম বার সূর্যমুখীর চাষ হয়। ফলনও হয়েছে ভালো। কিন্তু সূর্যমুখীর সঠিক ব্যবহার না জানা এবং ক্রেতা না থাকায় উত্পাদিত ফসল বাড়িতে নষ্ট হচ্ছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু বলেন, আমি তিন বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি। কিন্তু বিক্রি করতে পারছি না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সূর্যমুখীর বিচি বিক্রির জন্য যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করছি দ্রুতই বিক্রির ব্যবস্থা করতে পারব।
