আগৈলঝাড়ায় কলেজছাত্রীর শ্লীলতাহানি
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে শ্লীলতাহানির শিকার মেয়েটির বাবা বাদী হয়ে স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লার বিরুদ্ধে মামলা করলে পুলিশ আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করে। মেয়েটির বক্তব্য শুনে থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।
থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী মো. আরিফ মোল্লা মঙ্গলবার সকালে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার কেন্দ্রে যাচ্ছিল। হঠাত্ বৃষ্টি নামলে পশ্চিম রাজিহার রাস্তার পাশে একটি ঘরে দৌড়ে আশ্রয় নেয় আরিফ মোল্লা। এ সময় ঘরের বাসিন্দা কলেজছাত্রীকে একা পেয়ে তার শ্লীলতাহানি ঘটায় আরিফ। এ ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
