রায়পুরায় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য আহত

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৬

নরসিংদী প্রতিনিধি ও রায়পুরা সংবাদদাতা

নরসিংদীর রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ২টায় রায়পুরা উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্যরা হলেন, রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, রাতে একটি প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে টহলে বের হয় পুিলশ। রাত পৌনে ২টার দিকে প্রাইভেট কারটি রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়েমুচড়ে যাওয়া ঐ কারে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে পেছনের সিএনজিতে থাকা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় খবর দেন। সেকেন্ড অফিসার দেব দুলাল দে বলেন, এই গেটে গেটম্যান থাকলেও ঐ সময় রাতে কাউকে দেখা যায়নি এবং গেট অরক্ষিত ছিল। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, তিন জনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।