বাজারদর ও সরকার নির্ধারিত মূল্য সমান

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:০৭

গুদামে ধান দিতে কৃষকের অনাগ্রহ

তানোর (রাজশাহী) সংবাদদাতা

তানোর উপজেলায় সরাসরি চাষিদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধানের বর্তমান বাজারদর ও গুদামে ধান ক্রয়ের সরকার নির্ধারিত দাম প্রায় সমান। এ পরিস্থিতিতে গুদামে ধান বিক্রি করে তেমন লাভ থাকবে না। এ কারণে গুদামে ধান বিক্রি করতে কৃষকের আগ্রহ কম।

তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি। তাছাড়া ধান শুকিয়ে দিতে হয়। আবার গাড়ি ভাড়া দিয়ে গুদামে ধান নিলে লোকসান হয়। সেখানে নানা টালবাহানা করে। টাকা তুলতে ব্যাংকে ঘুরতে হয়। নানা হয়রানি ও বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এ কারণে গুদামে ধান বিক্রিতে কৃষকের আগ্রহ নেই।

তানোর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. ওহিদুল আলম বলেন, তানোরে চিকন ধানের আবাদটা বেশি। আর চিকন ধানের দামও অনেক বেশি। এজন্য কৃষকদের কাছ থেকে ধান পাচ্ছি না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আলী বলেন, সরকারিভাবে যে দাম বেঁধে দেওয়া হয়েছে, স্থানীয় বাজারেও সেই দামে ধান বেচাকেনা হচ্ছে। যে কারণে খাদ্যগুদামে ধান বিক্রি করতে নির্বাচিত কৃষকরা আর আগ্রহ দেখাচ্ছেন না।