বিশ্ব আধুনিকতার ছোঁয়ায় এক অনন্য রূপ ধারণ করলেও মানুষের মানবিকতা যেন ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। সভ্য হতে গিয়ে ক্রমাগত বর্জন করছে বিবেক। যেটার ওপর ভরসা করে চলছে মানব সভ্যতা সেটাকেই বারংবার ফেলছে মারাত্মক হুমকির মুখে। নতুন নতুন শিল্প-কারখানা, যানবাহন ইত্যাদি থেকে নির্গত ক্ষতিকর বর্জ্য, রাসায়নিক দ্রব্য ও ভারী ধোঁয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করছে—যার ফলে বিলীন হচ্ছে জীববৈচিত্র্য। এমনিই এক পরিবেশ ভারসাম্য বিনষ্টকারী ফ্যাক্টরি গড়ে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নে। ঐ ফ্যাক্টরি থেকে নির্গত বর্জ্য যথাযথ ব্যবস্থা না নিয়ে অবমুক্ত করছে খাল-বিলে। যার ফলে ঐ এলাকার পানি, মাটি দূষণ হচ্ছে খুব মারাত্মকভাবে এবং জমিগুলোতে কৃষি ও মত্স্য চাষ হ্রাস পেয়েছে কয়েকগুণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষসহ বিশিষ্টজনেরা আন্দোলন করলেও বর্জ্য পদার্থ নিষ্কাশনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবু তারেক
পটিয়া, চট্টগ্রাম
