ফরিদগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তার

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১৩

বর্তমান সময়ে যে সমস্যাটি মাথাচাড়া দিয়ে উঠছে, সেটি হলো কিশোর গ্যাং কালচার। সমস্যাটি কম-বেশি সারা দেশেই ছড়িয়ে পড়ছে। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাং প্রভাব বিস্তার করছে। প্রতিনিয়তই বেড়ে উঠছে কিশোর গ্যাংয়ের দল। কিছুদিন ধরে রাস্তাঘাটে, অলিতেগলিতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। সামান্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মারামারি পাশাপাশি খুনখারাবির মতো অপরাধে জড়িয়ে পড়ছে তারা। যত্রতত্র মাদকদ্রব্য সেবন এবং কেনাবেচা করছে। তাছাড়া করোনা মহামারির কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এই কিশোর গ্যাং হয়ে উঠেছে বেপরোয়া। তারা পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়া থেকে শুরু করে, মেয়েদের দেখে অশ্লীল কথাবার্তা বলা, নেশার আড্ডা জমানো, মানুষের ঘরবাড়ি ভাংচুর সবই করছে। এ অবস্থায়, অবিলম্বে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রনি

ফরিদগঞ্জ, চাঁদপুর