ইত্তেফাক রিপোর্ট
স্টিলের মূল কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং সহযোগী কাঁচামাল স্পঞ্জ আয়রণ আমদানির ওপর আরোপিত কাস্টমস ডিউটি (সিডি) ও অগ্রিম আয়কর (এআইটি) কমানোর অনুরোধ করেছিল বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। তবে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে তা কমানো হয়নি। সংশোধিত সিডি ও এআইটি কমানোর অনুরোধ করেছে সংগঠনটি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলেছে, কাভিড-১৯-এর কারণে স্টিলের কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ (হেডিং নং ৭২ দশমিক ০৪) দুষ্প্রাপ্য হওয়ায় আন্তর্জাতিকভাবে এর মূল্য মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্বে প্রতি মেট্রিকটন ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপের আমদানি মূল্য ছিল ৩০০ ইউএস ডলার যা বর্তমানে প্রায় ৫৩০ ইউএস ডলার। সংগঠনটি বলছে, প্রস্তাবিত বাজেটে স্টিলের কাঁচামাল ফেরাস ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ এবং স্পঞ্জ আয়রণ আমদানির ওপর আরোপিত আগাম কর প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে আগাম কর কর্তন এবং ফেরত প্রাপ্তির ঝামেলা ও টাকা আটকে থাকার সমস্যা হতে মুক্ত হওয়া সম্ভব হয়েছে। কিন্তু শুল্ক-কর হ্রাস করা হয় নাই। উত্পাদন/বিক্রয় পর্যায়ে আরোপিত ভ্যাটও হ্রাস করা হয় নাই। সে কারণে স্টিল/এমএস রডের মূল্যহ্রাসের জন্য আমরা স্টিলের কাঁচামাল আমদানির ওপর আরোপিত শুল্ক-কর (সিডি ও এআইটি) ২০২১-২২ অর্থবছরের বাজেট হ্রাসের জন্য সরকারকে অনুরোধ করছি।
