নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে চার টাকা

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:১৫

চলতি মৌসুমে ১ লাখ ৮৭ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে ইরি-বোরো

নওগাঁ প্রতিনিধি

খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁয় বোরা ধানের ভরা মৌসুমে প্রতি কেজি চাল পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে দুই থেকে চার টাকা। এর প্রভাব পরেছে খুচরা বাজারেও। এতে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষরা পড়েছেন বিপাকে। ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতা না থাকায় চাল বেচাকেনা নেই। তারপরও গত ১০-১২ দিনের ব্যবধানে পাইকারি বাজারে চালের দামি বৃদ্ধি পেয়েছে। পাইকারি ও মিল ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের উত্পাদনও বেড়ে গেছে। ফলে চালের দাম বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ জানান, নওগাঁয় চলতি মৌসুমে ১ লাখ ৮৭ হাজার ৭৬০ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে। জেলায় সাড়ে ৭ লাখ টন চাল উত্পাদন হওয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হলেও ধান চাষে আবহাওয়া অনুকূলে থাকা ও রোগবালাই না থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৭ লাখ ৮৮ হাজার ৫৯২ টন চাল উত্পাদিত হয়েছে।

জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুর, লোহাচুড়া, ত্রিমোহনী, মহাদেবপুর উপজেলা সদর, সরস্বতীপুর  ও মাতাজি হাট ঘুরে জানা গেছে, বর্তমানে হাইব্রিড ধান ৯০০ টাকা থেকে ৯৫০ টাকা, জিরাশাইল ১ হাজার টাকা থেকে ১ হাজার ৮০ টাকা, কাটারি ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৪০ টাকা, পাইজাম ধান ৯৪০ টাকা থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত ১০-১৫ দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি মণ ধানের দাম ৮০-১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ পৌর বাজারের খুচরা চাল ব্যবসায়ী মকবুল হোসেন জানান, গত ১০-১২ দিনের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম দুই-চার টাকা বেড়েছে। বর্তমানে জিরাশাইল প্রতি কেজি ৫০ টাকা থেকে ৫৩ টাকা, কাটারি ভোগ ৫৫ টাকা থেকে ৫৮ টাকা ও বিআর আটাশ ৪৬ টাকা থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাত্ প্রতি ৫০ কেজি ওজনের বস্তার দাম বেড়েছে ১০০-২০০ টাকা ।