নৌবাহিনী প্রধানের সঙ্গে বিমান বাহিনীর প্রধানের বিদায়ি সাক্ষাত্

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:২৩

বিশেষ প্রতিনিধি

বিদায়ি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল মঙ্গলবার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে বিদায়ি সাক্ষাত্ করেছেন। বিমান বাহিনী প্রধান নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেখানে বিমান বাহিনী প্রধানকে  নৌবাহিনীর একটি চৌকশ কনটিনজেন্ট গার্ড অব অনার দেয়। নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাত্কালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ি বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান আগামী ১২ জুন অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।