পানিপ্রবাহে অস্বাভাবিক বাধা তৈরি করা যাবে না :প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২১, ২১:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে নদীগুলোতে ‘মেইনটেন্যান্স ড্রেজিং’ করার এবং পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বাধা সৃষ্টি করে—এমন অবকাঠামো নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

গতকাল একনেক সভায় ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে নৌপথের উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী এলাকায় একটি আধুনিক নদীবন্দর স্থাপিত হবে। এতে ঐ এলাকায় নৌপথে যাত্রী পরিবহন এবং যাতায়াতকৃত মালামালের সুষ্ঠু নিরাপদ ও নিরবচ্ছিন্ন ওঠানামা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় ১ হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র (বিপিএটিসি) প্রশিক্ষণসক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বেড়েছে ৩৪৮ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পটি ৮৫৯ কোটি টাকা ব্যয়ে ২০১৭ সালে শুরু হয়ে চলতি বছর শেষ হওয়ার কথা ছিল। এখন এটির ব্যয় বাড়িয়ে ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকালের সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি সংশোধিত। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৪ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক উত্স থেকে ঋণ ধরা হয়েছে ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে আছে, ১ হাজার ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বরিশাল (দিনেরারপুল) লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প, ১ হাজার ১০৭ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ২১৫ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প ইত্যাদি।

এদিকে, মোবাইল ফোন ছিনতাই হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, তার আইফোন যে নিয়েছে তা শনাক্ত হয়েছে। আমি আশাবাদী ফোন পাওয়া যাবে। উল্লেখ্য, গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বাসায় ফেরার পথে বিজয় সরণির সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোন ব্যবহার করছিলেন। ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

অর্ধশত মডেল মসজিদের

উদ্বোধন কাল

এদিকে, সারা দেশে নির্মিত ৫৬০টি মডেল মসজিদের মধ্যে ৫০টি উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব মসজিদ উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষ্যে এ ধরনের মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০টি মসজিদের নির্মাণকাজ শেষ হয়েছে।