গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। দায়িত্ব গ্রহণের পর প্রথম তিন দিনের সফরে মধ্য আমেরিকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সফরের প্রথম দিন সোমবার গুয়েতেমালায় প্রেসিডেন্ট আলেসান্দ্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স ও বিবিসির কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্র সীমান্তে আইন প্রয়োগ অব্যাহত রাখবে। যদি কেউ সীমান্তে অবৈধভাবে আসে, তাহলে তাকে ফেরত পাঠানো হবে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে বাইডেন প্রশাসন অবৈধ অভিবাসীদের নিয়ে চাপে রয়েছে। মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে অভিবাসীরা দারিদ্র্য ও দুর্নীতি থেকে বাঁচতে আমেরিকার দিকে ছুটছে। এছাড়া দেশটির মানব ও মাদক পাচার এবং দুর্নীতি রোধে কাজ করার ঘোষণাও দিয়েছেন হ্যারিস। তিনি বলেন, ‘মাদক ও মানব পাচার রোধে টাস্কফোর্স তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। একইভাবে দুর্নীতি রোধে কাজ করতেও আমরা সম্মত হয়েছি। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার প্রসিকিউটরদের প্রশিক্ষণ দেবে, যাতে করে একটি স্বাধীন বিচারব্যবস্থা দেশ থেকে দুর্নীতির মূলোত্পাটন করতে পারে। গুয়েতেমালা থেকে মেক্সিকো সফরে যান কমলা হ্যারিস। তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সঙ্গে গতকাল সাক্ষাত্ করেছেন।
