প্রিন্স হ্যারি এবং ডাচেস অফ সাসেক্স মেগান এবার কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। নতুন রাজকন্যার নাম রাখা হয়েছে লিলিবেট ডায়ানা। লিলিবেট ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী। লিলিবেট ডায়ানার জন্মের খবরে ব্রিটিশ রাজপরিবার আনন্দিত। প্রিন্স উইলিয়াম এবং স্ত্রী কেট লিলিবেটের জন্মে আনন্দ প্রকাশ করেছেন। গত মার্চে আমেরিকান টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে মেগান এবং হ্যারি দম্পতি ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন যা সারা বিশ্বকে হতবাক করেছিল। খবর ডয়চেভেলের
শিশু লিলির নাম নিয়ে বিতর্ক
রাজকন্যা লিলির জন্ম হয়েছে সবেমাত্র চার দিন, এরই মধ্যে তার নাম হয়ে উঠছে রাজনৈতিক ইস্যু। হ্যারি এবং মেগানের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিলির নাম রানি এলিজাথের ডাকনাম অনুসারে রাখা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথকে শৈশবকালে তার দাদা জর্জ আদর করে লিলিবেট বলে ডাকতেন। স্বামী প্রিন্স ফিলিপও স্ত্রীকে ছোটবেলার নামেই সম্বোধন করতেন। এদিকে হ্যারির প্রয়াত মা লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিলিবেটের মাঝের নামটি রাখা হয়েছে ‘ডায়ানা’। এতে ব্রিটিশ কিছু ট্যাবলয়েড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনেকেই মেগান মার্কেলের প্রতি বেশ স্পষ্টভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন। হ্যারি ও মেগানের রাজকীয় দায়িত্ব থেকে পদত্যাগের বিরুদ্ধে সমালোচকদের মতে, সম্প্রতি স্বামী হারানো বিধবা রানিকে অপমান করার জন্য তাদের কন্যার জন্য লিলিবেট নামটি বেছে নিয়েছেন। অন্যরা অবশ্য এই নামকরণকে হ্যারি ও মেগানের পক্ষ থেকে রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের প্রস্তাব হিসেবে দেখছেন। যুক্তরাজ্যের মেট্রো ট্যাবলয়েডে বলা হয়, লিলিবেট নাম রাখায় রানির প্রতি হ্যারি-মেগান দম্পতির গভীর শ্রদ্ধারই প্রতীক। অন্যদিকে ডেইলি মেইলের মতে, প্রিন্স হ্যারি এবং মেগান কি নাম প্রকাশের আগে রাজতন্ত্রের অনুমতি নিয়েছেন?
