ঢাকা-১৪ আসনের উপনির্বাচন

এখলাস উদ্দিন মোল্লা ও ডিপজল আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে গিয়েছিলেন

আপডেট : ০৯ জুন ২০২১, ০০:১৭

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র পাননি এখলাস উদ্দিন মোল্লা ও মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করতে যান তারা। তবে তাদের দুই জনেরই দলের প্রাথমিক সদস্য না থাকায় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান ইত্তেফাককে জানান, আসন্ন তিন সংসদীয় আসনের উপনির্বাচনে গতকাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন ৮৭ জন। আগামী ১০ জুন পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে।

নব্বইয়ের পটপরিবর্তনের পর ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের ড. কামাল হোসেনকে হারিয়ে জয়ী হন বিএনপির হারুন রশিদ মোল্লা। ১৯৯৬ সালে বিএনপির এখলাস উদ্দিন মোল্লাকে হারিয়ে এমপি হন আওয়ামী লীগের কামাল মজুমদার। ২০০১ সালে এমপি হন বিএনপির এস এ খালেক। আসন পুনর্বিন্যাসের পর ২০০৮ সালে ঢাকা-১৫ থেকে বিএনপির উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খানকে হারান কামাল মজুমদার। সবশেষ ২০১৪ সালের ভোটে বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এখলাস উদ্দিন মোল্লা। কামাল মজুমদারের কাছে তিনি ২৭ হাজার ভোটে হেরে যান। এখলাস উদ্দিন মোল্লার আরেক ভাই ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। অন্যদিকে ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক, পরিচালক হলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। তবে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ নেই তার।