২০ লাখ টাকা পরিশোধ এড়াতে ব্যবসায়ীকে হত্যা!

আপডেট : ০৯ জুন ২০২১, ০০:১৮

গত ৮ মে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘অজ্ঞাত’ পরিচয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ব্যবসায়ী আহসান হাবিব। এর আগের দিন তাকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি বাড়ি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সন্ধ্যায় সাভারের দোকান থেকে পাওনা টাকা আদায়ের কথা বলে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরে ঘটনা তদন্তে নেমে নুরুন নবী ওরফে রনিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হাবিবের পাওনা ২০ লাখ টাকা পরিশোধ করতে না পেরে তার শরীরে আগুন দিয়ে হত্যা করার কথা স্বীকার করে রনি। গতকাল মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। সিআইডির হাতে গ্রেফতারকৃতরা হচ্ছে প্রধান আসামি নুরুন নবী ওরফে রনি, মো. হাসান আহমেদ, জাহিদ হোসেন ও রঞ্জু।

মুক্তা ধর বলেন, সাভার থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর আহসান হাবিব নামের এক ব্যবসায়ীর মরদেহ শনাক্ত করে তার পরিবার। নিহত ব্যক্তি ৭ মে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি বাসার নিচ তলায় অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায় পুলিশ। পরদিন তার মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় তার শ্যালক জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর সিআইডি ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত আসামির অবস্থান শনাক্ত করে। সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি মো. নুরুন নবী ওরফে রনিকে গ্রেফতার করা হয়।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, নুরুন নবীর সঙ্গে আহসান হাবিবের ব্যাবসায়িক বিরোধ ছিল। রনির কাছে হাবিব ২০ লাখ টাকা পেতেন। সেই বিরোধের জের ধরে রনি তার আরো তিন জন সহযোগী নিয়ে হাবিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর শরীরে আগুন ধরিয়ে দেয়। যে বাসায় এ ঘটনা ঘটে সে বাসাটি ভুয়া পরিচয় দিয়ে ভাড়া নেয় রনি। ১ জুন থেকে বাসায় তার দুই জন কর্মচারী থাকবে বলে বাড়ির মালিককে জানিয়েছিল সে। ভাড়া দেওয়ার পর রুমটি তালাবদ্ধ ছিল। রনি কোনো একসময়ে হাবিবকে ডেকে নিয়ে এ বাসায় ঢুকিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়ে তালা মেরে পালিয়ে যায়।  এ ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা হয়েছে।