ভারতে নারী পাচার

টিকটক রাফির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ০৯ জুন ২০২১, ০০:২০

রাজধানীর হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি আইনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আশরাফুল মণ্ডল ওরফে বস রাফিসহ দুই জন। গতকাল মঙ্গলবার রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর রাফি ও তার সহযোগী আব্দুর রহমান শেখ ওরফে আরমান স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত আসামি রাফি এবং ঢাকা  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত আসামি আব্দুর রহমানের জবানবন্দি রেকর্ড করেন। অন্য দুই আসামি সাহিদা বেগম ওরফে ম্যাডাম সাহিদা ও  ইসমাইল সরদারকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে গত ২ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াছমিন আরার আদালত তাদের চার জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গত ১ জুন র্যাব নারী পাচারের অভিযোগে রাফি, সাহিদা বেগম, আব্দুর রহমান ও ইসমাইল সরদারকে গ্রেফতার করে। পরে তাদের হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। ভারতে এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করা হয়।