হেফাজতের ৪৪ নেতার ব্যাংক হিসাব তলব

আপডেট : ০৯ জুন ২০২১, ০০:২২

হেফাজতে ইসলামের ৪৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এসব ব্যক্তির ব্যাংকিং লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীতে বা বর্তমানে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালিত হলে যাবতীয় তথ্য পাঠাতে হবে। হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে। গত বুধবার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠায় বিএফআইইউ। ৪৪ নেতার সবাই সংগঠনটির আগের কমিটিতে ছিলেন।

যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলামের আগের কমিটির সহসভাপতি ড. আহমেদ আব্দুল কাদের, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হারুন ইজহার, মুফতি ফজলুল হক আমিনীর নাতি মাওলানা আশরাফ মাহাদী প্রমুখ। এর আগে গত ৩১ মার্চ হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ ২৪ নেতা এবং ৩০টি মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বিএফআইইউ।