অনেকদিন পর দর্শক উন্মাদনায় তাহসানের কনসার্ট

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:২৪

 বিনোদন রিপোর্ট

 

করোনাকালীন এই সংকটে সবার মতোই অস্বস্তিতে ছিলেন সংগীতশিল্পীরা। কারণ স্টেজে না গাইতে পারার পীড়ন অনুভব করছিলেন প্রায় সকলেই। অনেকের পেশাদারিত্বের জায়গাতেও বড় আর্থিক সংকটে পড়েছিলেন। দেশে যেমন গাইতে পারছিলেন না স্বাচ্ছন্দ্যে তেমনি দেশের বাইরের শোগুলোও বন্ধ হয়ে আসছিল।

অবশেষে সেই মন খারাপের জটলা দূর হলো কণ্ঠশিল্পী তাহসানের কনসার্টের মাধ্যমে। নিউইয়র্কের একটি একক শোতে পারফর্ম করলেন তিনি। করোনা উত্তর এই সময়ে এমন একটি স্টেজ শোয়ের আয়োজক ছিলেন আলমগীর খান আলম। আয়োজক আলমগীর বলেন, ‘এমনিতেই প্রবাসীদের কাছে তাহসান মানেই দারুণ এক উন্মাদনা। এর বাইরে অনেকদিন পর বাংলা গানের এমন আয়োজন পেয়ে সবাই নিজেদের উত্সব-আনন্দের মতো করেই অনুষ্ঠান দেখতে এসেছিলেন। কারণ সম্প্রতি নিউইয়র্কে মাস্ক ফ্রি ঘোরার অনুমতিও মিলেছে।’

তাহসান বলেন, ‘শো খুবই ভালো হয়েছে। এছাড়া অনেকদিন ধরেই সরাসরি দর্শকদের সঙ্গে যুক্ত হওয়া হচ্ছিল না। একজন শিল্পী হিসেবে  মঞ্চটাই তার সবচেয়ে বড় জায়গা। আর আমি বরাবরই বলে এসেছি যে, গোটা বিশ্বের ভেতরে নিউইয়র্কের বাঙালিরা যেভাবে বাংলা সংস্কৃতিকে প্রমোট করে, তা আর কেউ করে না। এছাড়া এবারের কনসার্টটি আরো একটি দিক থেকে ভিন্নতর ছিল। তা হলো-গানের পাশাপাশি আমার লেখা অনুভূতির অভিধান বইটি নিয়েও পাঠক-দর্শকদের সঙ্গে আলাপ করেছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কনসার্ট শেষে খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। নিয়মিত নাটক আর গানের সফলতার পাশাপাশি প্রথমবারের মতো ভিন্নধর্মী এই বই লিখেও পাঠকমহলে সাড়া ফেলেন তাহসান। এছাড়া তাহসান অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।