কিশোরগঞ্জ শহরের বাইপাস সড়ক বেহাল

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৪৭

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে গদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার বাইপাস সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেবে গেছে সড়কের দুই পাশ। সড়ক ফেটে গিয়ে খোয়া ও ইট উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ পথ দিয়ে চলাচলকারী ও চালকরা। প্রায়ই ঘটেছে ছোট-বড় দুর্ঘটনা। তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গদা গ্রামের বাসিন্দা আফজাজুল মিয়া, ইয়াসিন আলী, ফজলু মিয়াসহ অনেকেই বলেন, গত ১০ বছরে সড়কটি তিন থেকে চার বার সংস্কার করা হয়েছে। কিন্তু সংস্কারের এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় সড়কটির দুই পাশ দেবে যায়। কয়েক দিনের মধ্যেই খানাখন্দের সৃষ্টি হওয়ায় আমাদের ভোগান্তি শেষ হচ্ছে না। এ বিষয়ে উপজেলা এলজিইডির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রউফ বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে সংস্কার করা হবে।