সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
সিলেট অফিস
গত বছরের ধারাবাহিকতায় অনলাইন শিক্ষার পাশাপাশি এবারও ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাপনী দিনে কলেজ পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বরকত হাউজ ও সালাম হাউজ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বরকত হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামস আবিরুজ্জামান সিয়াম।
ভাষা শহিদদের নামানুসারে প্রতিষ্ঠানের চারটি হাউজে (সালাম হাউজ, বরকত হাউজ, রফিক হাউজ ও জব্বার হাউজ) বিভক্ত হয়ে শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ইতিপূর্বে স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় জব্বার হাউজ চ্যাম্পিয়ন ও বরকত হাউজ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা সাফা মজুমদার। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মেজর আবু হায়দার মো. আসাদুজ্জামান শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্য কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে সুপ্ত প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের সংকল্প ব্যক্ত করেন।
