ভৈরবে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫০

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে বুধবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। নিহতের নাম দিপু মিয়া। বাজিতপুর থেকে আশুগঞ্জের আলাল শাহ মাছের আড়তে মাছ বিক্রি শেষে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে হেঁটে ভৈরবে আসার পথে টোল প্লাজা এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. খোরশেদ আলম বলেন, তার বুকের ডান পাশে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দিপুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের কাছে নগদ অর্ধলক্ষাধিক টাকা এবং  একটি দামি মোবাইল ফোন পাওয়া গেছে। মাছ ব্যবসায়ী হত্যার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।