তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় মঙ্গলবার রাতে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তদের হামলায় নারীসহ তিন জন আহত হয়েছেন। উপজেলার চাঁদকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাস, তার স্ত্রী রহিমা বেগম ও তাদের ছেলে জাহিদ বিশ্বাস। তালা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-আমিন সোহান জানান, আহত রহিমা বেগমের বাম হাত ভেঙে যাওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
