ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
চট্টগ্রাম :চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোস্তফা খাতুন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা খাতুন ডবলমুরিং থানার হাজিপাড়া জালাল কমিশনার লেইনের আবু তাহেরের স্ত্রী। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আশরাফুল ইসলাম (৩৮)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল সলঙ্গা থানার আমডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের চান্দু শেখের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, আশরাফুল সড়ক পাড় হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) :ভেড়ামারায় স্টিয়ারিং ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মকবুল হোসেন (৪৮)। তিনি উপজেলার মওলাহাবাসপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ভেড়ামারা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মকবুল রূপপুর পারমাণবিক প্রকল্পের শ্রমিক ছিল। সে বাড়ি থেকে রূপপুরে কর্মস্থলে যাচ্ছিল। দুর্ঘটনার পরই ট্রলি নিয়ে চালক পালিয়ে গেছে।
