সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫২

দেবীগঞ্জে কমে যাচ্ছে কাউন চাষ

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে কমে যাচ্ছে দানাদার ফসল কাউন চাষ। আগের মতো কাউন চাষ এ উপজেলায় আর তেমনভাবে হচ্ছে না। আগে দরিদ্র জনগোষ্ঠীর কাছে কাউনের ভাত প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল। সময়ের পরিবর্তন ও প্রযুক্তির উত্কর্ষে কাউনের চাষকে পেছনে ফেলে নিয়ে এসেছে বছরে তিন-চার ফসলি উত্পাদন। কাউনের চালের পায়েস খেতে ভালো লাগে, এছাড়া কাউন গাছ জমিতে পচে ভালো সার তৈরি হয়। জমির উর্বরাশক্তি বাড়ে। এখনো কিছু কিছু কৃষক ছোট পরিসরে এর চাষ টিকিয়ে রেখেছেন। নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি ধরে রাখতে কাউন চাষের প্রতি মনোযোগ বাড়ানো দরকার বলে কৃষকরা মনে করছেন। কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান শামীম জানান, কৃষি বিভাগ সব রকম রবিশস্য চাষাবাদ করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে। বর্তমানে কাউনের চাল ৪০ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের সূত্র মতে, উপজেলায় পাঁচ হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে।

 

কারোনা প্রতিরোধে সহায়তাকারীদের মধ্যে পুরস্কার বিতরণ

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমে শ্রেষ্ঠ সহায়তাকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।

পাটচাষিদের প্রশিক্ষণ প্রদান

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটের বীজ উত্পাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে বোদায় বিআরডিবি হলরুমে পাটচাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী।

শিশু খাদ্য ও গোখাদ্য বিতরণ

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে শিশুখাদ্য ও গোখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ থেকে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা প্রমুখ।

হতদরিদ্ররা পেল খাদ্যসামগ্রী

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৯টি গ্রামের ৩০১ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমান্তবর্তী কামারপাড়া স্কুল চত্বরে এসব বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

 

নদী সংরক্ষণ-বিষয়ক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক ‘উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব একরামুল হক।

নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, থানার ওসি পুলক চন্দ্র রায়। প্রশিক্ষক ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, শেখ জালাল উদ্দিন।

প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)—প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে বছরব্যাপী প্রশিক্ষণ শেষে বুধবার সকালে উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার আল-রাফি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যাবস্থাপনা পরিচালক উপস্থিত থেকে এসব সনদ বিতরণ করেন। এ প্রকল্পের আওতায় শেরপুর জেলায় ৩৮৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং জেলার সেরা উদ্যোক্তা ৫৭ জনকে নির্বাচিত করা হয়।