ডিএসইর সমন্বিত অনলাইন ডেটার নতুন প্ল্যাটফরম নিয়ে কর্মশালা শুরু

আপডেট : ০৯ জুন ২০২১, ২০:৫৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড ‘ডিজিটাল বাংলাদেশ’ দর্শনের সঙ্গে সংগতি রেখে তালিকাভুক্তি এবং এর বিভিন্ন রিকোয়ারমেন্টস কমপ্লায়েন্সের জন্য একটি সমন্বিত অনলাইন ডেটা সংগ্রহ, তথ্য জমা ও প্রচারের জন্য প্ল্যাটফরম তৈরি করেছে। এই সফটওয়্যারটি ডিএসইর নিজস্ব দক্ষ কর্মিবাহিনী তৈরি করেছে। ডিএসই এই সফটওয়্যার এবং এর প্রাসঙ্গিক আইনগুলোর মৌলিক কার্যকারিতা বোঝার জন্য ডিএসই ট্রেনিং একাডেমিতে গতকাল ‘ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিনেশন প্ল্যাটফরম অব ডিএসই এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালাটি মোট সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। উদ্বোধনকালে তিনি বলেন, এই ধরনের একটি প্ল্যাটফরম দেশের ক্যাপিটাল মার্কেটের জন্য একটি বড় পদক্ষেপ। এই ইনফরমেশনগুলো অনলাইন সাবমিশনের মাধ্যমে দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, এফসিএমএ।