নওগাঁর বদলগাছিতে টগর হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে গতকাল বুধবার এই রায় দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। ঐ হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে লাগল ২৭ বছর।
এদিকে এই মামলার প্রধান আসামি ডা. নূরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত। হাইকোর্ট তার সাজা হ্রাস করে যাবজ্জীবন দণ্ড দেয়। ২০১৩ সালে তিনি রাষ্ট্রপতির ক্ষমা লাভ করে কারামুক্তি পান। পরবর্তীকালে তিনি মারা যান।
১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন ডা. নূরুল ইসলাম। এ ঘটনায় ১৯৯৪ সালের ৩ জুন মামলা হয়। ঐ মামলায় ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অপর ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট আসামি নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আপিলকারী অপর ১৭ আসামির যাবজ্জীবন সাজা বহাল থাকে। ১৭ আসামির মধ্যে ১৬ জন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলের পক্ষে আইনজীবী সারোয়ার আহমেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বাতিল করে ১৬ জনকে খালাস দেয়।
