বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের বেশি করে বই পড়তে হবে। জিয়াউর রহমানকে জানতে হলে তার ওপর লেখা বই পড়তে হবে। আমাদের স্বাধীনতাকে জানতে হলে বই পড়তে হবে।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বই প্রদর্শনী ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
দলের নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যুদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ এমনি এমনিই ক্ষমতা থেকে বিদায় নেবে না। এরা একেবারেই স্বৈরাচার বনে গেছে। নির্বাচন করে এরা কোনো দিন জিততে পারবে না, তাই নির্বাচন নিয়ে তামাশা করবে। সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে বিজয়ী করবে। এই সরকারকে হঠাতে শর্টকাট কোনো রাস্তা নেই। একটা যুদ্ধ যখন করতে হবে, সেই যুদ্ধে আপনাকে জয়ী হতেই হবে।
