কুমিল্লার নাঙ্গলকোটে প্রবাসী স্বামী মনু মিয়া কর্তৃক স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে ভাইরালের হুমকি দেওয়ায় লোক লজ্জার ভয়ে স্ত্রী রোজিনা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার মা ও ভাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার মৌকরা ইউপির ময়ূরা মধ্যপাড়া গ্রামে। পুলিশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রোজিনা উপজেলার মৌকরা ইউনিয়নের ময়ূরা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, ৮-৯ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে রোজিনার বিবাহ বিচ্ছেদ হয়। পরে গত দেড় বছর আগে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের প্রবাসী মনু মিয়ার সঙ্গে রোজিনা বেগমের দ্বিতীয় বিয়ে হয়। ছয় মাস আগে রোজিনার স্বামী দুবাই চলে যান। এর পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মনু মিয়া সেখান থেকে স্ত্রী রোজিনার নগ্ন ছবি তার ছোট ভাই কলেজপড়ুয়া রাকিব হাসানের (শ্যালক) মোবাইলে পাঠাতে থাকে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়ে আসছিল। নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুর নূর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে।
