মুক্তিযোদ্ধারা মরে না স্বগৌরবে বেঁচে থাকবে ------------------মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৪৩

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা মরে না, সারা জীবন স্বগৌরবে বেঁচে থাকবে। মুক্তিযোদ্ধাদের স্মৃতিরোমান্থন করার জন্য মুক্তিযোদ্ধা জাদুঘর নির্মাণ প্রকল্পে অর্থ বরাদ্দ করেছি। জাদুঘরটির নির্মাণকাজ বাস্তবায়িত হলে একদিকে থাকবে মুক্তিযোদ্ধাদের ছবি, অন্যদিকে থাকবে রাজাকারদের ছবি, যা দেখে ভবিষ্যত্ প্রজন্ম জানতে পারবে স্বাধীনতার প্রকৃত ইতিহাস। মুক্তিযুদ্ধে সচ্ছল লোকেরা খুব কমই অংশ নিয়েছে, বেশির ভাগ অসহায় মানুষগুলো অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করেই মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা ভাত প্রদান করেন, যা পৃথিবীর ইতিহাসে নেই।’ গতকাল বুধবার নাজিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এরপর মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী উপজেলা চত্বরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ, ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় মত্স্যচাষিদের মধ্যে উপকরণ বিতরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী দরিদ্র জনগণের জন্য নির্মিত ঘর হস্তান্তর উপলক্ষ্যে আযোজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক, পিরোজপুর; হায়াতুল ইসলাম খান, পুলিশ সুপার, পিরোজপুর; মো. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক; মত্স্য ও প্রাণিসম্পদ। আনিচুর রহমান তালুকদার, বিভাগীয় পরিচালক; মাস্টার অমূল্য রঞ্জন হালদার, চেয়ারম্যান, নাজিরপুর উপজেলা পরিষদ; সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি); শেখ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার, নাজিরপুর; ডা. সিরাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা, নাজিরপুর ও গৌতম মণ্ডল, উপজেলা মত্স্য কর্মকর্তা, নাজিরপুর প্রমুখ।