বাজেটে শ্রমজীবীদের রেশন ও পেনশন বরাদ্দের দাবি স্কপের কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

বাজেটে শ্রমজীবীদের জন্য সুস্পষ্ট ও প্রয়োজনীয় বরাদ্দ না রাখায় প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। শ্রমজীবীদের জন্য রেশন, চিকিত্সা সহায়তা ও সর্বজনীন পেনশনের দাবি করেছে সংগঠনটি। গতকাল এক সভা থেকে নেতৃবৃন্দ এসব দাবি জানান।  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী শহিদুল্লাহ চৌধুরী। 

নেতৃবৃন্দ বলেন, বাজেটের অর্থ জোগান দিলেও বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় শ্রমিকদের কোনো অংশগ্রহণ নেই। সরকার বিভিন্ন অংশের সঙ্গে মতবিনিময় করলেও শ্রমিক প্রতিনিধিদের মতামত নেওয়ার কোনো প্রয়োজন অনুভব করে না। ফলে বাজেটে শ্রমজীবীদের প্রয়োজনের স্বীকৃতি বা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে না। উত্পাদন প্রক্রিয়ায় অংশ নিয়ে ও প্রবাস থেকে টাকা পাঠিয়ে বাজেটের অর্থের জোগান দেয় শ্রমজীবীরা অথচ বাজেটে তাদের জন্য বরাদ্দ নেই। শ্রমিকদের মজুরি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই দীর্ঘদিনের দাবি শ্রমিকদের জন্য আর্মি-পুলিশের রেটে রেশনসামগ্রী সরবরাহ করা, শ্রমিক অঞ্চলে হাসপাতাল ও বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা, অবসরকালে শূন্য হাতে ফিরে যাওয়া শ্রমিকদের জন্য সর্বজনীন পেনশনের ব্যবস্থা চালু করা। কিন্তু সামাজিক নিরাপত্তার অনেক কথা বলা হলেও শ্রমিকদের জন্য বাজেটে তার কোনো প্রতিফলন ও বরাদ্দ নেই। বাজেট পাশের আগে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাজেটে বরাদ্দের আহ্বান জানিয়েছেন।

স্কপ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সভা থেকে নিম্নে উল্লিখিত কর্মসূচি ঘোষণা এবং সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানিয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়া—১৪ জুন, শ্রমিকদের দাবি পূরণে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে ঢাকায় শ্রমিক সমাবেশ—১৬ জুন এবং রেশন ও শিল্পাঞ্চলে হাসপাতাল ছাড়াও সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর দাবিতে সারা দেশে শ্রমিক সমাবেশ—১৮ জুন ।