তৈরি পোশাক শিল্পের দুই শতাংশ শ্রমিক করোনার ভ্যাকসিন পেয়েছে

আপডেট : ০৯ জুন ২০২১, ২১:৫১

সানেম ও এমএফওর জরিপ

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাক শিল্পের মাত্র ২ শতাংশ শ্রমিক কোভিড-১৯-এর ভ্যাকসিন পেয়েছেন। কোভিড-১৯-এর টিকাদানের ব্যাপারে পর্যাপ্ত তথ্য শ্রমিকদের কাছে নেই। ভ্যাকসিন নিতে চান এমন শ্রমিকদের মধ্যে মাত্র ২২ শতাংশ এটি নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবগত রয়েছেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং মাইক্রোফাইন্যান্স অপরচুনিটিজ (এমএফও) এর এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সানেম। সানেমের বিশ্লেষণে বলা হয়েছে, ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করা না গেলে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পে কর্মরত লাখো শ্রমিকের জীবন ঝুঁকির মুখে পড়বে।

‘গার্মেন্ট ওয়ার্কার ডায়েরিজ’ শীর্ষক প্রকল্পের অধীনে সানেম ও এমএফও ২০২০ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশের মূল পাঁচটি শিল্প এলাকা—চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারে কর্মরত ১ হাজার ২৮৫ জন পোশাকশ্রমিকের আর্থসামাজিক অবস্থার ওপর ফোনের মাধ্যমে এই জরিপকাজ পরিচালনা করছে।