কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রতীকী অনশন

১৩ জুন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

আপডেট : ১০ জুন ২০২১, ০০:১৮

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী ১৩ জুন থেকে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোরালো দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেন শিক্ষকরা। একই সঙ্গে সংগঠনটি ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনগুলোর পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদানের দাবিও জানিয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব মো. মিজানুর রহমান বলেন, দেশে ৪০ হাজার স্কুলে প্রায় ১ কোটি শিক্ষার্থী অধ্যয়নরত। যদি স্কুলগুলো না থাকত তাহলে টেকসই উন্নয়ন বা এসডিজি বাস্তবায়নের জন্য আরো অন্তত ৩০ হাজার স্কুলের প্রয়োজন হতো। প্রতিবছর ব্যয় হতো শত শত কোটি টাকা।

তিনি আরো বলেন, করোনা মহামারিতে দেড় বছর ধরে কিন্ডারগার্টেনগুলো বন্ধ রয়েছে। বর্তমানে কিন্ডারগার্টেনগুলোর অবস্থা খুবই শোচনীয়। এভাবে আর কিছুদিন চললে ৭৫ শতাংশ কিন্ডারগার্টেনই বন্ধ হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মনোয়ারা ভূঁইয়া, মো. আব্দুল মাজেদ, মাহমুদুল হক চৌধুরী।